ডিএসইতে দুই মাসের মধ্যেসর্বনিম্ন লেনদেন

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২০:২১
শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। তাই সূচকও কিছুটা বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। গতকাল ডিএইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকা। যা প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন। তাছাড়া আগের কার্যদিবসের তুলনায় সাড়ে ১৬ শতাংশ কম। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক কিছুটা কমে ১ হাজার ৬৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৬৫ কোটি ৬৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জেনারেশন নেক্সট ফ্যাশনের রাইট শেয়ারের অর্থ সংগ্রহ শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির রাইট শেয়ারের অর্থ সংগ্রহ চলবে ৯ এপ্রিল পর্যন্ত। শেয়ারবাজারে ২আর:৩ অনুপাতে (৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার) ১১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৪০০টি শেয়ার ছেড়ে ১১২ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বিএমআরই এবং ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। এদিকে স্টেকহোল্ডারদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) নতুন পরিচালনা পর্ষদ এক বৈঠক করেছেন। সোমবার ডিএসই প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ডিএসই চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশনের ফলে মালিকানা থেকে ডিএসই’র ব্যবস্থাপনা পৃথকীকরণ হলেও, প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সকলকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র স্বতন্ত্র পরিচালক মনোয়ারা হাকিম আলী, রুহুল আমিন, এফসিএমএ, অধ্যাপক ড. আবুল হাশেম, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. এম কায়কোবাদ, শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুল, শরীফ আনোয়ার হোসেন ও ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন মার বালা।