১ বছরের পুরনো গাড়ি আমদানিতে ১৫% অবচয়

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২০:২১
৬ মাস থেকে ১ বছরের পুরনো গাড়ি আমদানিতে ১৫ শতাংশ অবচয় (ডেপ্রিসিয়েশেন) সুবিধা পাওয়া যাবে। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ (এসআরও) জারি করেছে। অবশ্য ৬ মাস পর্যন্ত পুরনো গাড়ি এ সুবিধা পাবে না। চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে এক বছরের পুরনো গাড়ি আমদানিতে কোন অবচয় সুবিধা দেয়া হয়নি। এ ধরণের গাড়ি আমাদানিতে অবচয় সুবিধা দেয়ার জন্য পুরনো গাড়ি আমদানিকারকরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন। তবে এক বছর থেকে দুই বছরের পুরনো গাড়ি আমদানিতে বিদ্যমান অবচয় সুবিধা ৫ শতাংশ কমানো হয়েছে। অবচয়ের অন্যান্য ক্ষেত্রে কোন পরিবর্তন আনা হয় নি। চলতি অর্থবছরে ৫ বছর পর্যন্ত পুরনো গাড়ির আমদানিতে সর্বোচ্চ অবচয় সুবিধা বছর ভিত্তিক ভাগ করে দেয়া হয়েছে। এটি এখন সর্বোচ্চ ৪৫ শতাংশ। এর আগে এই অবচয় সুবিধা ছিল ৩৫ শতাংশ। ৬ মাস থেকে এক বছরের পুরনো গাড়ি আমদানিতে অবচয় সুবিধা দেয়াকে ইতিবাচক বলে মনে করছেন পুরনো গাড়ি আমদানিকারকরা। তবে এক বছর থেকে দুই বছরের পুরনো গাড়ি আমদানিতে অবচয় সুবিধা ৫ শতাংশ কমানোর ফলে ১৫শ’ সিসি’র একটি গাড়ির দাম গড়পড়তা দেড় লাখ টাকা করে বেড়ে যাবে বলে তাদের আশংকা।