জাতীয় পতাকা পরিবর্তনে নিউজিল্যান্ডে গণভোট

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২০:৪২
জাতীয় পতাকা পরিবর্তন করতে গণভোটের মাধ্যমে জনমত জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। সরকারি দল এবং বিরোধী দল উভয়ে গণভোটের পক্ষে মত দিয়েছে। নিউজিল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে অনেকেই মনে করেন তাদের জাতীয় পতাকার সাথে অস্ট্রেলিয়ার পতাকার অনেক সাদৃশ্য রয়েছে। এছাড়া ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলেও তাদের পতাকায় এখনো ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের উপস্থিতির কারণে নিউজিল্যান্ডের স্বকীয়তা প্রকাশের ক্ষেত্রে অন্যদের প্রভাব কাজ করে বলে অভিযোগ অনেকের। তাদের মতে, নিউজিল্যান্ডের পতাকায় উপনিবেশিক শাসনের ধ্বংসাবশেষ এখনো বর্তমান। প্রধানমন্ত্রী জন কে মঙ্গলবার বলেন, সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় গেলে গণভোটের আয়োজন করা হবে। আমাদের উচিত হবে এমন একটি পতাকা তৈরি করা যা কীনা নিউজিল্যান্ডকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেবে। জন কে সরকারের বদলে নতুন সরকার আসলে তারাও জাতীয় পতাকার জন্য গণভোটের আয়োজন করবে বলে জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আর সামরিক বাহিনী থেকে অবসর নেয়াদের অনেকের অভিমত, প্রায় ৩২ হাজার মানুষ এই পতাকার জন্য জীবন দিয়েছে। গত একশ’ বছর এই পতাকার নিচে একসাথে থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করেছে দেশের মানুষ। এখন এ পরিবর্তন অনেকের মনে ধাক্কা দেবে তাই এটা পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। নিউজিল্যান্ডের বর্তমান জাতীয় পতাকায় বাম পাশের উপরের দিকে ইউনিয়ন জ্যাক রয়েছে, ডান দিকে রয়েছে চারটি তারকা।