ঝিনাইদহে পুড়িয়ে দেয়া স্কুল সংস্কার হয়নি

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:৩২
ঝিনাইদহ জেলায় পুড়িয়ে দেয়া স্কুলগুলোর পুনঃনির্মাণ বা সংস্কার কাজ দুই মাস পেড়িয়ে গেলেও শুরু হয়নি। ১০ম সংসদ নির্বাচনের আগের দিন রাত ও নির্বাচনের দিন ভোটকেন্দ্র স্থাপন করায় ২৪টি স্কুল পুড়িয়ে দেয়া হয়। বর্তমানে এসব স্কুলে পাঠদান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলায় ১৮টি, কোটচাঁদপুর উপজেলায় ৫টি ও শৈলকুপা উপজেলায় ১টি প্রাইমারি স্কুল ভবন পুড়িয়ে দেয়া হয়। প্রথম দিকে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে বিকল্প ব্যবস্থা হিসাবে খোলা আকাশের নিচে চট বা মাদুর বিছিয়ে পাঠদান করা হচ্ছিল। বর্তমানে ধবংসস্তূপ পরিষ্কার করে ও পুড়ে যাওয়া বেঞ্চগুলো জোড়াতালি দিয়ে শিফট করে ক্লাস নেয়া হচ্ছে। এতে পাঠদান দারুণভাবে ব্যাহত হচ্ছে। বর্ষা নামলে সমস্যা আরো বেশি হবে বলে আশংকা করা হচ্ছে। জেলা প্রাইমারি শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক জানান, স্কুলগুলো মেরামত ও সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকার এস্টিমেট ঢাকাতে পাঠানো হয়েছে। কিন্তু টাকা বরাদ্দ আসেনি। তিনি জানান, টাকা এলে মেরামত ও সংস্কার কাজ শুরু হবে।