‘কৃষিপণ্যের মূল্য নির্ধারণে দরকার জাতীয় কমিশন’

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:০৮
কৃষি পণ্যের লাভজনক মূল্য নির্ধারণে ‘জাতীয় মূল্য কমিশন’ গঠনের দাবি জানিয়েছে কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের নির্দেশনা সরকারকে দিতে হবে। মঙ্গলবার কর্মজীবী নারী’র সেমিনার কক্ষে ‘কৃষক ও ভোক্তা স্বার্থ রক্ষায় কৃষি পণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন’ গঠনের দাবিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এ দাবি জানান। কর্মজীবী নারী, জাতীয় জন-মূল্য কমিশন, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) যৌথভাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, জাতীয় কৃষক জোট এর সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় জন-মূল্য কমিশন এর সদস্য জীবনান্দ জয়ন্ত। লিখিত বক্তব্যে রোকেয়া রফিক বলেন, সংবিধান প্রণয়নের চার দশক পরও আমাদের কৃষক শোষিত; মুক্তি মেলেনি। এ সময় আগামী ২১ মার্চ ২০১৪ তারিখে জাতীয় জন-মূল্য কমিশন এর উদ্যোগে “জাতীয় কৃষক সম্মিলন” আয়োজনের ঘোষণা দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে বলা হয়, শত প্রতিকূলতার মাঝেও কৃষক উত্পাদনে যেমন ধারাবাহিকতা বজায় রেখেছে তেমনি উত্পাদিত পণ্যের মূল্য বঞ্চনায় কৃষকের আর্থিক ক্ষতিও অব্যাহত রয়েছে।