শেরে বাংলানগরে চন্দ্রিমা উদ্যানের লেকে গোসল করতে গিয়ে নাহিদুল ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, নাহিদ ও তার মামা একই বয়সী মনির হোসেন স্কুল ছুটির পর চন্দ্রিমা উদ্যানের লেকে গোসল করতে যায়। লেকে সাঁতার কাটার এক পর্যায়ে উভয়ই পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন মনিরকে উদ্ধার করতে পারলেও নাহিদ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল নাহিদের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবরি দল সূত্রে জানা গেছে, তারা লেকের পানিতে ২০ মিনিট উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে লেকের পূর্ব পাশের পানির ফোয়ারার দিকে নাহিদের লাশ পাওয়া যায়।
খবর পেয়ে তেজগাঁওয়ের বেগুনবাড়ির বাসা থেকে ঘটনাস্থলে ছুটে যান নাহিদের বাবা জামাল হোসেন ও মা নারগিস বেগম। ছেলের লাশ দেখে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। শেরে বাংলানগর থানার এসআই জানান, নাহিদ ও মনির কেউই সাঁতার জানতো না। তারা লেকের পানিতে তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মনিরকে উদ্ধার করে। নাহিদের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
