সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ১০ টায়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৪ হাজার ৫৫ জন।
নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষ থেকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে এডভোকেট রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
