বার্সার মাঠে সিটির প্রতিশোধের ম্যাচ আজ

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:২৪
কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি জানিয়েছেন স্পানিশ জায়ান্ট বার্সেলোনাকে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের খেলায় হারিয়ে ম্যানচেস্টার সিটি প্রতিশোধ নেবে। অপরদিকে প্যারি সেন জার্মেই নিজ মাঠে আতিথ্য দেবে বায়ার লেভারকুসেনকে। ম্যানচেস্টার সিটি গত মাসে নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে কাতালানদের কাছে ২-০ গোলে পরাস্ত হয়েছিল। তাই দুই লেগের এ লড়াইয়ে পিছিয়ে থাকায় সিটির জন্য কাজটি সহজ হবে না বলেও মানছেন চিলিয়ান এই কোচ। পেলিগ্রিনি বিপক্ষের মাঠে খেলতে যাওয়ার আগে এ প্রসঙ্গে বলেন, ‘এটা কঠিন, অবশ্যই এটি কঠিন। তারপরও এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই যে, আমরা বার্সেলোনাকে হারানোর চিন্তা নিয়ে সেখানে যাব এবং ন্যু-ক্যাম্পে আমরা তাদের হারিয়ে প্রতিশোধ নেব।’ বার্সেলোনা ২০০৯ ও ২০১১ সালের শিরোপাসহ চ্যাম্পিয়ন্স লিগের গত ছয়টি আসরে অন্তত শেষ চারে ওঠার কৃতিত্ব দেখিয়েছে। তারপরও পেলেগ্রিনির দল স্পানিশ চ্যাম্পিয়নদের হারানোর দুঃসাহস দেখাতেই পারে। কেননা কোচ জেরার্ডো মার্টিনোর দল গত শনিবার আশ্চর্যজনক ভাবে রিয়াল ভ্যালাদোলিদের কাছে হারের কারণে খুব ভাল অবস্থায় নেই। তাছাড়া তাদের লা-লিগা শিরোপাও হুমকির মুখে পড়ায় হারটি নিয়ে স্পানিশ গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বার্সেলোনা সভাপতি জুসেফ মারিয়া বার্তেমৌউ অবশ্য এই দলের উপরই আস্থা রাখছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত তাদের উপর বিশ্বাস রাখব। কিছুটা সমালোচনা হওয়া স্বাভাবিক। তারপরও খেলোয়াড়দের উপর বোর্ড, সদস্য এবং সমর্থকদের আস্থা রাখা প্রয়োজন। আমরা মৌসুমের শেষ প্রান্তে বলে সেটা আরো বেশি প্রয়োজন।’ বার্সেলোনার সময় ভাল না গেলেও সিটিতে বিরাজ করছে মিশ্র অবস্থা। কারণ পেলেগ্রিনির দল সান্ডারল্যান্ডকে হারিয়ে চলতি মৌসুমে নিজেদের প্রথম শিরোপা লিগ কাপ ঘরে তুললেও এফএ কাপ থেকে বিদায় নেয়। কোচ হিসেবে ক্লাবটির হয়ে লিগ কাপ পেলিগ্রিনির প্রথম শিরোপা জয়। কিন্তু এরপর রবিবার পুরনো শত্রু উইগান অ্যাথলেটিকোর কাছে হেরে এফএ কাপ থেকে ছিটকে যেতে হয় সিটিকে। তারপরও পেলেগ্রিনি আশাবাদী যে, চার দিনের মাথায় তারা দুটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন না। এ ব্যাপারে তিনি বলেন, ‘তারা (বার্সেলোনা) খু্ব ভাল দল। কারণ সেখানে অনেক বড় মানের খেলোয়াড় রয়েছে। তবে ন্যু-ক্যাম্পে আমরা ভিলারিয়েলের বিরুদ্ধে জিতেছি এবং মালাগার সাথে ড্র করেছি। আমরা যদি খুব তাড়াতাড়ি গোল পেয়ে যাই তাহলে বার্সা অনেকটাই চিন্তায় পড়ে যাবে। আমরা এটি করতে পারব এমন বিশ্বাস নিয়েই যাচ্ছি এবং দিনটি যদি আমাদের হয় তাহলে নিশ্চিতভাবেই আমরা কাজটি করতে পারব।’ এদিকে জার্মান ক্লাব লেভারকুসেনের জন্যও পরিস্থিতি সুবিধার নয়। কেননা দলটি প্যারিসে খেলতে যাবে নিজ মাঠে আগের লেগে ০-৪ গোলে হারার ব্যবধান নিয়ে। সে খেলাটিতে জোড়া গোল করেছিলেন সুইডিশ স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। স্ট্রাইকারটি এ দফায় নিজ মাঠেই দাপট দেখানোর সুযোগ পাবে। তাছাড়া নিজেদের মাঠে প্যারিসের ক্লাবটির রেকর্ডও অনেক ভাল।