প্রদর্শনীর দেয়াল জুড়ে ক্রিকেটের গৌরবময় অধ্যায়

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:২৫
ধানমন্ডির দৃক গ্যালারিতে কতো ধরনের প্রদর্শনীই না হয়ে আসছে। কিন্তু যে ক’টি অনুষ্ঠান সাধারণ দর্শকদের মনে বেশি আলোড়িত করেছে, আন্দোলিত করেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাগ কেটেছে ক্রিকেটের গৌরবময় স্মৃতি নিয়ে আয়োজিত প্রদর্শনী। ক’দিন বাদে বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় আসর। ১৬ দেশের এই আয়োজনের আগে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজন করল এমন একটি প্রদর্শনী। দেশের ক্রিকেটের দ্যুতিময় স্মৃতিগুলো জায়গা পেয়েছে প্রদর্শনীতে। দেশের ক্রিকেটের প্রথম স্মরণীয় যা কিছু আছে সম্ভাব্য সব কিছুই ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। বাংলাদেশ ক্রিকেট উত্সব নামের তিন দিনের এই প্রদর্শনীতে গেলে দর্শক ফিরে যাচ্ছেন সেই স্মৃতিতে। যেখানে দেখা যাচ্ছে, এমসিসি’র বিরুদ্ধে বাংলাদেশের বেসরকারি প্রথম টেস্টের স্মারক। ৯৭ সালে আইসিসি ট্রফি জয়, কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচের স্মারক। এক ম্যাচে সেঞ্চুরি এবং হ্যাটট্রিক করা দীপু রায় চৌধুরীর কিছু স্মারক। ঢাকা লিগে ১০ রানে ৮ উইকেট নেয়া খেলোয়াড় বর্তমান কোচ সারোয়ার ইমরানের সেই স্মৃতিময় অনেক কিছু। আরো অনেক কিছুই দেখা যাচ্ছে সেখানে। সাংবাদিক নজমুল আমীন কিরনের সংগৃহীত পেপার কাটিংয়ের ছবি এবং তথ্যগুলো দর্শনার্থীদের ভীষণভাবে নাড়া দেয়। প্রদর্শনীর দেয়াল জুড়ে যেন বাংলাদেশের ক্রিকেটের গৌরবময় অধ্যায়। খেলোয়াড় কোচ কর্মকর্তারা দৃক গ্যালারির প্রদর্শনীস্থলে গিয়ে দেখে আসছেন এবং নিজেদের একটা সুন্দর আয়োজনের সাক্ষী করে রাখছেন। আজ শেষ দিন।