ম্যানইউতে প্রশিক্ষণের সুযোগ পেল ইমন

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২২:২৫
মাগুরা ইয়াং স্টার একাডেমির ক্ষুদে ফুটবলার ইমন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। সারাদেশের ১০ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে ১২ সদস্যের ফুটবল দলে স্থান করে নেয় মাগুরার শহরতলীর পারলা গ্রামের ৮ম শ্রেণির ছেলেটি। তার পিতা মো: আহাম্মদ বিশ্বাস পেশায় একজন ড্রাইভার। মা খোদেজা বেগম গৃহিণী। ইমন একজন কুশলী ফুটবল খেলোয়াড় হিসেবে বয়সভিত্তিক ফুটবল খেলায় মাগুরা জেলা দলের হয়ে বিভিন্ন জেলায় ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ইয়ং স্টার একাডেমিতে যোগ দিয়ে ইমন ২০০৯ সালে মাগুরা নোমানী ময়দানে নিয়মিতভাবে অনুশীলন শুরু করে। ২০১২ সালে বয়সভিত্তিক খেলায় ভালো করায় অনূর্ধ্ব-১৩ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসাবে ইরান সফর করে। এরপর ২০১৩ সালে বিকেএসপিতে ৭ম শ্রেণিতে ভর্তি হয় সে। এরপর এয়ারটেল কর্তৃপক্ষ প্রতিভা অন্নেষণ কর্মসূচির আওতায় সারাদেশের প্রায় ২০ হাজার খেলোয়াড় থেকে ১২০ জনকে চূড়ান্ত পর্বে বাছাই করে ঢাকায় নিয়ে যায়। বিদেশি ৪ জন কোচের তত্ত্বাবধানে ৩ দিন পর্যবেক্ষণের পর চূড়ান্ত ১২ জন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে প্রশিক্ষণের সুযোগ করে নেয় ইমন। ইমন ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলে খেলতে চায় বলে জানিয়েছে।