ঈদের পরদিন বিটিভিতে

শতাধিক শিল্পীর অংশগ্রহণে বর্ণাঢ্য ‘ইত্যাদি’

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:০৭
নিয়মিত ‘ইত্যাদি’ ঢাকার বাইরে হলেও ঈদের ‘ইত্যাদি’ করা হয় ঢাকায়। কারণ এ সময়টা বর্ষাকাল ফলে উন্মুক্ত স্থানে দর্শক নিয়ে অনুষ্ঠান করা ঝুঁকিপূর্ণ। তাই এবারে ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারেও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। গান এক হলেও প্রতিবারের মতো এবারও রয়েছে এর চিত্রায়নে বৈচিত্র্য। দুই মিনিটের এই গানটিতে অংশগ্রহণ করেছেন শতাধিক লোকশিল্পী। যারা সবসময়ই এই মাটি আর শেকড়ের গান করেন। উল্লেখ্য, লোকজ গানের শিল্পীদের দিয়ে এই প্রথম ঈদের এই গানটি চিত্রায়িত হলো। এবারের ঈদের একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। এই পর্বে একসঙ্গে গান গেয়েছেন ৯ জন জনপ্রিয় সংগীত তারকা। আর তারা হলেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, শাকিলা জাফর, শুভ্রদেব, নকিব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও এসআই টুটুল। ঈদের ‘ইত্যাদি’র জন্য দেশাত্মবোধক গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীতায়োজন করেছেন আলী আকবর রূপু। এছাড়া একাধিক আকর্ষণীয় সেগমেন্টসহ এবারের ঈদ ‘ইত্যাদি’র উল্লেখযোগ্য শিল্পীরা হলেন এটিএম শামসুজ্জামান, আতাউর রহমান, নাজমুল হুদা বাচ্চু, মাসুম আজিজ, সোলায়মান খোকা, মহিউদ্দিন বাহার, কেএস ফিরোজ, আব্দুল আজিজ, কিসলু, প্রাণ রায়, জয়রাজ, শিউলী শিলা, আব্দুল কাদের, আফজাল শরীফ, শবনম পারভীন, নিপু, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, মামুনুল হক টুটু, লাভলী ইয়াসমিন, শিরিন আলম, বিনয় ভদ্র, বিলু বড়ুয়া, নিসা, শামীমসহ আরও অনেকে। ‘ইত্যাদি’র শিল্প নিদের্শনা করেছেন যথারীতি মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও এমজিএ মামুন। প্রতিবারের মতো এবারেও ছোটপর্দার বড় আকর্ষণ থাকবে ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ১০ মিনিটে।