ভোলায় মুসলিম ঐক্য পরিষদের কর্মসূচী স্থগিত

ফেসবুকে মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কথিত কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষ ও চারজন নিহতের ঘটনায় পূর্ব ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। ৭২ ঘণ্টার আল্টিমেট শেষে শুক্রবার কর্মসূচী ছিল তাদের। 

সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি মাওলানা তৈয়ব জানান, জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় আমরা আমাদের সকল কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছি।

এদিকে রাতে বোরহানউদ্দিন বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল বেশ। সব মিলিয়ে স্বাভাবিক উপজেলার পরিস্থিতি। উপজেলায় সাধারণ মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম করেছে নির্বিঘ্নে ।

সর্বস্তরের তাওহিদী জনতার অন্যতম নেতা বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান জানান, শুক্রবার বোরহানউদ্দিন বাজার জামে মসজিদ ও মার্কাজ (হাইস্কুল সংলগ্ন) মসজিদে শহীদদের বিদেহী আত্মার জন্য দোয়া হবে। উপজেলার অন্য কোন মসজিদে দোয়া হবে কিনা তা আমার জানা নেই। 

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনায় তার পক্ষে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির মেয়াদ অধিকতর তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দুইদিন বাড়ানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ