সাভারের আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত ওই দম্পতির নাম পারভেজুর রহমান সোহাগ (২৬) ও সাদিয়া আক্তার (২৩) বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পারিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এসময় তাদের কোন সারা শব্দ পাওয়া না গেলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি