ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে নিহতদের স্মরণে শুক্রবারের সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত দোয়া মাহফিল প্রশাসনের নিষেধাজ্ঞায় স্থগিত করেছে সংগঠনটি। বৃহষ্পতিবার রাতে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রশাসনের সাথে গত কয়েক দিনের আলোচনায় তারা আমাদেরকে শুক্রবারের দোয়া মাহফিলের মৌখিক অনুমতি দিয়েছে। আমরা সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি করার প্রস্তুতিও নিয়েছি। কিন্তু বৃহষ্পতিবার বিকেলে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চাইলে তিনি আমাদেরকে অনুমতি দেননি। বরং উল্টো শুক্রবার ভোলায় সকল ধরনের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে রাতে আমাদের কাছে একটি চিঠি পাঠায়। এমতাবস্থায় আমরা আমাদের দোয়া মাহফিল স্থগিত করেছি। পরবর্তীতে আমারা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।
লিখিত নিধোজ্ঞায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক উল্লেখ করেন, ভোলার বোরাহনউদ্দিনের উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে ভোলা জেলার আইনশৃঙ্খলার স্বার্থে আপতত সভা সমাবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না। এ কারণে আগামীকাল (২৫/১০/২০১৯ খ্রি.) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদের (সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের) আয়োজনের অনুমতির বিষয়টি না মঞ্জুর করা হল।
ইত্তেফাক/এএম