নিখোঁজের ১৬ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার

টাঙ্গাইলে সখীপুরে নিখোঁজের ১৬ দিন পর আর্জিনা বেগম নামের (৩৫) এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার পাহাড় কাঞ্চনপুর এলাকার একটি বন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। গত ৯ অক্টোবর সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে আর্জিনা নিখোঁজ হন।

জানা যায়, ৭ মাস আগে আর্জিনা বেগমের সঙ্গে বহুরিয়া ইউনিয়নের খামারচালা গ্রামের জাহাঙ্গীর আলমের বিয়ে বিচ্ছেদ হয়। পরে আর্জিনা সন্তানদের নিয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মায়ের সঙ্গে থাকতেন। পোল্ট্রিফার্ম ও পেপে বাগানে কাজ করে সংসার চলাতেন তিনি। বেশ কিছুদিন ধরে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম আর্জিনাকে পুনরায় বিয়ে করতে চাপ দিতে থাকেন। রাজি না হওয়ায় আর্জিনাকে হত্যার পর নিজেও আত্মহত্যা করবেন বলে ফোনে হুমকি দেন। পরে ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অন্যদিকে ওইদিন সকালেই আর্জিনা ফার্মে বকেয়া টাকা নিতে গিয়ে নিখোঁজ হন। ১০ অক্টোবর সকালে নিখোঁজ আর্জিনার মা নাছিমা বেগম সখীপুর থানায় ডায়েরি করেন।

মাকে হারিয়ে শিশু সন্তান নাঈম হাসান (১২), জাকিয়া সুলতানা (১০), জান্নাত আরা (২) এবং  মা নাছিমা বেগম বারবার মুর্ছা যাচ্ছে। 

আর্জিনার মা নাছিমা বেগম বলেন, গত ৯ অক্টোবর আমার মেয়ে ভোরে জাহাঙ্গীরের ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। অন্যদিকে জাহাঙ্গীরও ওইদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে সকাল বেলা ১১ টার দিকে বাড়ির ২০০ গজ দুরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। সকালে দুইজনের সঙ্গে দেখাও হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।এতে বোঝা যায়, আগের হুমকির সঙ্গে ঘটনার মিল রয়েছে। আমার ধারণা পুনরায় বিয়েতে আমার মেয়ে রাজি না হওয়ায় তাকে খুন করে লাশ গুম করে জাহাঙ্গীর আত্মহত্যা করে।

আরও পড়ুন: শেখ হাসিনা ও মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ বলেন, লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে