স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২২বছর পূর্তিতে সংগঠনটির প্রাক্তন সদস্যদের নিয়ে গঠিত বাঁধন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ নামে একটি আধুনিক রক্ত পরিসঞ্চালন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সেন্টারটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
২৪ অক্টোবর বাঁধন এর ২২ বছর পূর্তিতে বাঁধনের প্রাক্তন সদস্য, আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের সংগঠন স্পন্দন-বি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় আধুনিক রক্ত পরিসঞ্চালন কেন্দ্র তৈরি করেছে বাঁধন ফাউন্ডেশন। স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্বুদ্ধকরণে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও পরিসঞ্চালন ব্যয়, কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালগুলোতে রক্তদানে অস্বাস্থ্যকর পরিবেশ ও রক্ত পরিসঞ্চালনসহ নানা প্রতিবন্ধকতার ফলে বাঁধন ট্রান্সফিউশন সেন্টার(বিটিসি) প্রতিষ্ঠা করে সংগঠনটি।
বৃহস্পতিবার সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয় জানিয়ে বাঁধন এর উদ্যোক্তা ও বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিদুল ইসলাম রিপন বলেন, আন্তর্জাতিক মানের রক্ত পরিসঞ্চালন বাঁধন ট্রান্সফিউশন সেন্টার(বিটিসি) নির্মাণ করা বাঁধন এর একটি স্বপ্ন ছিল। মানুষকে সহযোগিতাসহ এর মাধ্যমে নিরাপদ রক্ত পরিসঞ্চালনের পাশাপাশি রক্ত দানে উদ্বুদ্ধ করতে কাজ করবে সেন্টারটি। এছাড়া বিটিসিটি নির্মাণে সহযোগিতা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্পন্দন- বি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাঁধন ট্রান্সফিউশন গড়ে তোলার মাধ্যমে বাঁধন মানবিক সেবা প্রদানের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাঁধনের এই মানবিক কাজে আগামীতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ এর সেবা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকার বিষয়টি উল্লেখ করে উপাচার্য বলেন, বাঁধনের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে মানবিক গুণসম্পন্ন হিসেবে পরিচিত ও সম্মানিত। এই সেন্টার থেকে সাধারণ মানুষকে সহযোগিতার মাধ্যমে আগামীতে সারা দেশেও সম্মানিত হবে।
আরও পড়ুন: নওয়াজ শরিফের জামিন মঞ্জুর
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাঁধন ট্রান্সফিউশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানের আহ্বায়ক ও বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা এস এম কোরবান আলী। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্পন্দন-বি বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মশিহ-উর-রাহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সাবেক প্রধান ও বাঁধন ট্রান্সফিউশন সেন্টারের কনসালট্যান্ট প্রফেসর ডা. মুন্সী এম হবীবুল্লাহ।
অনুষ্ঠানে বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন জোন, ইউনিট ও পরিবারের উপদেষ্টা ও সর্বস্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাঁধন এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে এক শুভা যাত্রার আয়োজন করে বাঁধন কেন্দ্রীয় পরিষদ। শুভা যাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে বাঁধন ট্রান্সফিউশন সেন্টারের সামনে এসে শেষ হয়।
ইত্তেফাক/এসি