ঝিনাইদহ জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।
ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর সেশন ট্রায়াল ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাসকে জেলহাজতে প্রেরণ করেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জেলার আরো জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে তা জানা যাবে।
ইত্তেফাক/জেডএইচ