ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নবীনগর থানা পুলিশ তাদেরকে বরিশাল সদর থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, কুষ্টিয়া মনোহরদী থানার মৃত সাহার আলীর ছেলে আব্দুর রহিম (৩৩) ও ঝালকাঠির মির্জাপুর এলাকার মৃত সোলামান খাঁর ছেলে ইয়াছিন খাঁ (খন্দকার বাবর)।
এ বিষয়ে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান জানান, খন্দকার বাবর প্রধানমন্ত্রীর বেয়াই খন্দকার মোশারফের ভাই ও সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে কৌশলে টাকা আত্মসাৎ করত। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগের সময় চাকরি দেওয়ার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপালপুর গ্রামের আবু মুছার ছেলে ইসহাক কাছ থেকে পর্যায়ক্রমে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
আরও পড়ুন: শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
তিনি আরও জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে পুলিশ অনুসন্ধান চালিয়ে বাবর ও তার সহযোগী রহিমকে গ্রেফতার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএএম