শেষমেষ গরু বাঁচানোর দোহাই দিয়ে জনগণকে প্লাস্টিক-পলিথিন ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের নির্বাচনী এলাকা গান্ধিনগরের কালোলের একটি অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জমিতে জড়ো হওয়া প্লাস্টিকের বর্জ্য বৃষ্টির জল মাটিতে মিশে যেতে দেয় না এবং গরু প্লাস্টিক খেয়ে ফেললে তারা মারাও যাচ্ছে।' এরপরই তিনি কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে ও প্লাস্টিকের ব্যবহার এড়াতে সকলকে অনুরোধ করেন।
শুক্রবার প্রতিবন্ধীদের সাহায্যার্থে আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত সকলকে একটি করে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অমিত শাহ এ বিষয়ে নিজের বক্তব্যে বলেন, 'আপনারা যারা এখানে এসেছেন, তাদের সবাইকে একটি করে ব্যাগ দেয়া হয়েছে। আমাদের এই কাপড়ের ব্যাগটি শাকসবজী ও মুদির দোকানে জিনিসপত্র কিনতে ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন।'
অমিত শাহ বিশেষত মহিলাদের কেনাকাটা করার জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধের আহ্বান জানান। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা যদি কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবেই এটি ফ্যাশনেবল হয়ে উঠবে এবং প্রত্যেকে আপনার দৃষ্টান্ত অনুসরণ করবে।'
আরও পড়ুন: ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে প্রধানমন্ত্রী
প্লাস্টিকের কুফল সম্পর্কে আরেকবার সকলকে সচেতন করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জাঙ্ক প্লাস্টিকের ব্যাগ বৃষ্টির জলকে মাটির সঙ্গে মিশে যেতে বাধা দেয় এবং এর ফলে ভূগর্ভস্থ জলের স্তর কমে যাচ্ছে। আমরা যখন প্লাস্টিকের ব্যাগে মুড়ে খাবার ফেলে দিই, তখন গরুরা সেই প্লাস্টিক খেয়ে ফেলে এবং ফলস্বরূপ তারা মারা যায়।'
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগেও বেশ কয়েকবার একক ব্যবহারের প্লাস্টিকের ব্যবহার রোধের প্রয়োজনীয়তার কথা বলে এসেছেন।
ইত্তেফাক/এসএইচএম