দাম বেড়েছে, লাভ বেড়েছে

g  সাজ্জাদ সিয়াম

 

পেঁয়াজ এখন এক কিলো শ টাকায়,

সবচে বেশি বাজার গরম ঢাকায়।

দাম বেড়েছে, আর বেড়েছে লাভও,

বলছি শুনুন—কোথায় সেসব পাব?

 

সকালবেলা রেস্তোরাঁতে গেলাম,

পেঁয়াজ নামের ফ্লেভার শুধু পেলাম।

চাইলে পেঁয়াজ বলল তারা, দাম বেড়েছে যত,

অল্প টাকার সবজিতে কী পেঁয়াজ পাবেন অত!

 

মন খারাপের এই তো সবে শুরু,

ঝাল মুড়িতে মরিচ ছিল পুরু!

পেঁয়াজ ভেবে যেই দিয়েছি মুখে,

এমনি গেলো ঘটনাটা চুকে।

 

ঝালের চোটে জিহ্বাটা ব্রেকফেল,

ওয়াটার দিল দুইটা মিনারেল।

তিরিশ টাকা খাওয়া শেষে বিল দিতে যেই যাই,

বিল এসে যায় একশত প্রায়—বাঁচার উপায় নাই।

 

এক পেঁয়াজের দাম বেড়েছে খুব,

ব্যবসায়ীদের অজুহাতের রূপ।

মূল্য বাড়ার অজুহাতে রোজ,

করছে শুধু উচ্চ লাভের খোঁজ।

 

দিন শেষে যেই ডিনার নিয়ে বসি,

নেই তো পেঁয়াজ—যতই কারি চষি।

গিন্নীকে তাই জিজ্ঞেসবাদ :‘পেঁয়াজ গেল কই’

বলল সে আজ আমি যেন মিতব্যয়ী হই।

 

ভাবতে ছিলাম গিন্নি আমার আজ,

দুর্দিনে এক করছে বিশাল কাজ।

দুইদিন যেতেই বলল, পেঁয়াজ আনো,

করতেছিল ঘ্যানঘ্যানাঘ্যান গানও!

 

কম করে খাই তবু ওগো পেঁয়াজ কোথায় যায়?

এই কথাতে বউয়ের সাথে সত্যি টেকা দায়!

বুঝতে পারি একটু পরখ করে,

শালাবাবু এসছিল এই ঘরে।

 

দাম বেড়েছে পেঁয়াজগুলোর আর বেড়েছে লাভও,

আমার পেঁয়াজ শ্বশুর খাবে, আমি কলা খাব।

 

ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম