লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর ছেলে অনন (২৩), ছাত্রলীগের তারেক (২৮) ও শ্রমিক লীগের মমিনসহ (৩৫) ৮ জন আহত হয়েছেন। 

জানা যায়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রংপুর বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জাম্মেল হকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাস্থলে প্রবেশ করার সময় নেতাকর্মীরা শ্লোগান দিকে থাকে। পরে নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করলে নিজ নিজ পক্ষে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা স্বপন গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে ৮জন আহত হলে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:নকল গহনা নিয়ে বিয়ে, গণপিটুনি খেয়ে পালাল বর

জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। 

সভা শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদলকে আহ্বায়ক ও এ্যাড. নজরুল ইসলাম রাজুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

ইত্তেফাক/এএএম