সিরিয়ার তেল পাচার করছে আমেরিকা: রাশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তেল পাচার করছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্যাটেলাইট থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে জানিয়েছে, সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাবাহিনী তেল পাচারের কাজ তত্ত্বাবধান করছে। খবর স্পুটনিক নিউজের। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনগভ জানিয়েছেন, মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, সিরিয়ায় ইসলামিক স্টেটস (আইএস) এর পরাজয়ের আগে ও পরে ব্যাপক পরিমাণে তেল উত্তোলন এবং রপ্তানি করা হয়েছে। এ কাজে মার্কিন সেনাবাহিনী সরাসরি সহায়তা করেছে। 

তিনি আরও জানান, আমেরিকার কয়েকটি শীর্ষস্থানীয় করপোরেশন ও বেসরকারি ঠিকাদার তেল পাচারের কাজটি করছে। এর মাধ্যমে তারা প্রতি মাসে ৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করছে। 

আরও পড়ুন:  অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রধানমন্ত্রী

রুশ মুখপাত্র তাদের দাবির পক্ষে কয়েকটি উদাহরণ দিয়ে জানান, গত ২৩ আগস্ট স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা গেছে দামান তেল-ক্ষেত্রের কাছে অনন্ত ৯০টি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদের মধ্যে ২৩টি তেলের ট্যাংকার ছিল। তাছাড়া ৫ সেপ্টেম্বর হাসাকাহ প্রদেশের তেল-ক্ষেত্রের কাছে ২২টি ট্যাংকার এবং ৮ সেপ্টেম্বর মায়াদিন এলাকায় ৩৪টি তেলের ট্যাংকার দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

উল্লেখ্য, চলতি মাসের ৯ অক্টোবর সিরিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েকদিন পর পেন্টাগন জানায় সিরিয়ার তেলের খনিগুলো পাহারা দেওয়ার জন্য কিছু সেনা সেখানে অবস্থান করবে। এ ঘটনাকে সিরিয়া থেকে আমেরিকার তেল পাচারের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ বলে দাবি করছে রাশিয়া। 

ইত্তেফাক/এসইউ