নিরাপত্তা চেয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

জীবনের নিরাপত্তা চেয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিলন খন্দকার নামে এক সাংবাদিক। শনিবার (২৬ অক্টোবর) রাতে থানায় এ জিডি করা হয়। মিলন খন্দকার বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির গাইবান্ধা স্টাফ রিপোর্টার ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়া জানান, জিডির বিবরণে উল্লেখ করা হয়, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। মৎস্য সংরক্ষণ আইনে এই ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ জেলেদের ইলিশ মাছ ধরার অনুমতি দিয়েছেন বলে আনন্দ টিভি ও দৈনিক জনতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে সেলিম পারভেজ মুঠোফোনে মিলন খন্দকারকে জীবননাশসহ নানা ধরনের হুমকি দেন। 

আরও পড়ুন: গাইবান্ধায় যুবদলের মিছিলে পুলিশের বাধা

তিনি আরও জানান, এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মিলন খন্দকার থানায় জিডি করেছেন। জিডি নম্বর ১৩৬১। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

ইত্তেফাক/এএএম