অবাক করা গোলাপি হ্রদ

লম্বা ছুটিতে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন। উড়তে উড়তে এক পর্যায়ে সে দেশের আকাশও ছুঁয়ে ফেলেছেন। হঠাত্ই চোখ পড়ল নিচের দিকে। গাছপালার ফাঁক দিয়ে উঁকি মারছে গোলাপি রঙের একটা হ্রদ।

না! একেবারেই কল্পনা নয়, অস্ট্রেলিয়ায় এমন অসংখ্য গোলাপি হ্রদ রয়েছে। রঙ-রহস্য ভেদ করার আগে অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত গোলাপি হ্রদের নামটা বলে দেওয়া ভালো। এটির নাম লেক হিলিয়ার। এটি              রয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডে। তবে         নীল হোক বা গোলাপি, লেক হিলিয়ারের পানিতে গা ভাসাতে অনেকেরই উত্সাহের শেষ নেই। এর পানিতে লবণের পরিমাণ এতটাই বেশি যে, ডেড সি এর মতো এখানেও দিব্যি গা ভাসিয়ে থাকা যায়, ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

আপনি ইচ্ছা করে পানিতে ডুবে মরতে চাইলেও                 হ্রদ আপনাকে ঠেকিয়ে দেবে। মানে ঠেলে ওপরে তুলে রাখবে। তাই সাঁতার না জানা লোকেরাও এখানে দিব্যি সাঁতরে বেড়াতে পারবে। প্রশ্ন উঠতে পারে, তা হলে  এখানে পর্যটকদের ভিড় দেখা যায় না কেন? আসলে               ছোট্ট এই দ্বীপে পৌঁছানো খুব একটা সহজ নয়। বোট            বা হেলিকপ্টারে যাওয়া গেলেও দ্বীপটি ভীষণ রকমের দুর্গম।

এই হ্রদের পানি গোলাপি রঙের কেন, এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। দীর্ঘ দিন ধরে বিজ্ঞানীরা এর কারণ খুঁজে চলেছেন। অনেকেই ভাবতেন, লেক হিলিয়ারে লবণের পরিমাণ বেশি হওয়াতেই তার রং নীল নয়। অনেকের আবার অভিমত ছিল, ওই লেকে মাইক্রোঅ্যালগি বেশি থাকাতেই তার রং গোলাপি। তবে সমপ্রতি সে রহস্য ভেদ হয়েছে বলে দাবি একদল বিজ্ঞানীর।

২০১৫ সালে এর পানির  রং নিয়ে গবেষণা শুরু করেন এক্সট্রিম মাইক্রোবায়োমি প্রজেক্ট (এক্সএমপি)-এর এক দল গবেষক। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, লেক হিলিয়ারের আশপাশের লবণাক্ত পরিবেশে বেশ কিছু এক্সট্রিমোফিল থাকার জন্য হয়তো তার পানির এ রকম রং। এক্সট্রিমোফিল হল তীব্র প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারা কিছু আণুবিক্ষনিক জীব। পানি পরীক্ষা-নিরীক্ষার পর তারা দেখেন, তাতে রয়েছে দশ ধরনের ব্যাকটিরিয়া, যারা লবণাক্ত পরিবেশে থাকতে ভালোবাসে। তা ছাড়াও এখানে রয়েছে, বিভিন্ন প্রজাতির ডানালিয়েলা অ্যালগি বা শ্যাওলা। যার বেশির ভাগের রংই সবুজের পরিবর্তে গোলাপি বা লাল রঙের।

তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা যে নমুনা সংগ্রহ করেছেন, তার ৩৩ শতাংশ জুড়ে ছিল স্যালিনিব্যাকটের রাবার নামের এক বিশেষ ব্যাকটিরিয়া। তাদের দাবি, কোনো শ্যাওলা নয়, বরং লেক হিলিয়ারের গোলাপি রঙের পেছনে রয়েছে স্যালিনিব্যাকটের রাবার নামের ঐ বিশেষ ব্যাকটেরিয়ার হাত।