কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তার পরিবারের সদস্যদের অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, কোনোভাবেই তার স্বাস্থ্যের অবনতি হয়নি। তার পরিবারের অভিযোগ সঠিক নয়।
সোমবার দুপুরে বিএসএমএমইউতে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি।
এর আগে শুক্রবার বিকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হচ্ছে না। সরকারের কাছে জামিনের জন্য অনুরোধ জানাচ্ছি।’
আরও পড়ুন: নুসরাত হত্যা মামলার ১৬ ফাঁসির আসামিকে কনডেম সেলে পাঠাতে চিঠি
এর আগে খালেদা জিয়ার সাথে দেখা করতে পরিবারের ৬ সদস্য বিএসএমএমইউতে যান। প্রায় ঘণ্টাখানেক তারা খালেদা জিয়ার পাশে থাকেন।
সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে রয়েছেন- বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন। এর আগে, গত ১১ অক্টোবর পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
গত বছরের ৮ ফেব্রুয়ারির থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য এপ্রিলের ১ তারিখে বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ইত্তেফাক/এমআরএম