ইভ্যালি কিডস টাইম মেলা অনুষ্ঠিত

শিশুদের সৃজনশীলতা ও ভবিষ্যত্ উন্নয়নে সচেতন সৃষ্টির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ইভ্যালি-কিডস টাইম মেলা শেষ হয়েছে গত ২৬ অক্টোবর। জাতীয় শিশু একাডেমিতে গত ২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়েছিল। এ সময় প্রায় এক হাজার শিশু ও অভিভাবক উপস্থিতি ছিলেন। এই মেলায় শিশুরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করেছে ক্র্যাফট, সৃজনশীল ডিজাইন, পাপেট তৈরি ও ছবি আঁকার মাধ্যমে।

মেলার মূল আকর্ষণ ছিল শিশুদের জন্য তৈরি করা দুটো অ্যাক্টিভিটি জোন। ৩ থেকে ৬ বছরের শিশুদের জন্য একটি, আর সাত-ঊর্ধ্ব বছর বয়সী শিশুদের জন্য ছিল আরেকটি জোন। প্রতিটি জোনে শিশুদের বয়স উপযোগী বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল। শিশুরা নিজের ইচ্ছামতো যা ভালো লেগেছে, সেটাই করতে পেরেছে। মেলার বিভিন্ন স্থানে ছিল শিশুদের জন্য বিভিন্ন গেম, ডিজাইন করার জায়গা। বড় হয়ে কী হতে চায়, সেটা শিশুরা লিখেছে ইচ্ছেঘরে। এছাড়া মূল মঞ্চে শিশুদের আনন্দের জন্য ছিল পাপেটের সঙ্গে আনন্দ-নৃত্য, ম্যাজিক শো, পাপেট শো।

অভিভাবকদের পাশাপাশি ঢাকার কয়েকটি স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অংশ নিয়েছে ইভ্যালি-কিডস টাইম মেলায়। আয়োজকরা জানান, আনুমানিক ১০ হাজারেরও বেশি শিশু দুদিনের এ মেলায় অংশ নিয়েছে। মেলাটিকে আরো আকর্ষণীয় করতে যোগ দিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান, যারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ছিল গুফি, বাবুল্যান্ড, ইয়োডা, ইকরিমিকরি, ময়ুরপঙ্খী, স্টাইলাইন, ডক্টরোলা ও ব্যাটারি লো। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ছিল ফাস্ট অ্যাইড জোন। পুরো মেলাটি স্পন্সর করেছে দেশের অন্যতম বৃহত্ ই-কমার্স কোম্পানি ইভ্যালি লিমিটেড।