শরীরটাকে সুন্দর রাখতে হলে সপ্তাহের প্রতিটি দিন আপনাকে ডায়েট করে চলতে হবে। খেয়াল রাখতে হবে খাবার দাবার এবং ব্যায়ামের প্রতি। যদি আপনি সপ্তাহের প্রতিটি দিন সঠিক পন্থা অবলম্বন করেন তাহলে আপনি থাকবেন ফিট এবং সুস্থ। ফিট থাকতে হলে সপ্তাহের প্রতিদিন আপনাকে কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে হবে
স্লিম হওয়ার বাসনা নিয়ে অনেকেই বেশি করে ডায়েট কন্ট্রোল শুরু করেন, যা মোটেই ভালো নয়। আপনাকে বুঝে খেতে হবে, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার বেশি করে খেতে হবে, কমিয়ে দিতে হবে জাঙ্কফুড ও চর্বিবহুল খাবার। সেই সাথে সমানে চালিয়ে যেতে হবে শারীরিক পরিশ্রম ও দৈনন্দিন কাজ। ভালো হয় যদি নিয়মিত (যেমন, সপ্তাহে একদিন, ২-৩ ঘণ্টাব্যাপী) খেলাধুলা করেন। বেশি করে পানি খান, সারাদিন, বারে বারে, তবে প্রতিবারে পরিমিত পরিমাণে (সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একটু কম খান)। প্রতিদিন আপনার জন্য বরাদ্দ ১০ গ্লাস পানি, চা/কফি দিনে একবার ১ কাপ খাওয়া যাবে। ওজন কমানোর এই রুটিন আপনি যেকোনো দিন আরম্ভ করতে পারেন। এতে স্বাস্থ্যের কোনো ক্ষতি নেই।
ওজন কমানোর ডায়েট চার্ট
হঠাত্ করে আপনার ওজন কমে যাবে না কখনো। তবে সপ্তাহের সাত দিন আপনি নিচের ডায়েট চার্টটি মেনে চললে খুব অল্প সময়ের মধ্যে আপনি ফিট হতে পারবেন বা আপনার ফিট অবস্থা বজায় রাখতে পারবেন।
১ম দিন (ফলের দিন) :কলা ছাড়া সব রকম ফল খাবেন। সারা দিন চাহিদানুযায়ী।
২য় দিন (সবজির দিন) :আলু ছাড়া সব রকম সবজি খাবেন। প্রয়োজনমতো।
৩য় দিন (ফল ও সবজির দিন) :আলু ও কলা ছাড়া সব রকম ফল ও সবজি খাবেন।
৪র্থ দিন (দুধ ও কলার দিন) :সারা দিন দুধ তিন গ্লাস, কলা সর্বোচ্চ ৮টি।
৫ম দিন (ভোজের দিন) :সারা দিনে মুরগির মাংস সর্বোচ্চ ১/২ কেজি, টমেটো ১০-১২টি। এটি মাংসের সঙ্গে সালাদ হিসেবে খেতে হবে, তেল-লবণ ছাড়া।
৬ষ্ঠ দিন (মাংস ও সবজির দিন) :পরিতৃপ্তির সঙ্গে ইচ্ছামতো মাংস ও সবজি খাবেন আলু ছাড়া।
৭ম দিন (বিজয়ের দিন) :ইচ্ছামতো এই দিন গরু অথবা মুরগির মাংস দিয়ে দুপুরে ভাত খাবেন। সকাল/রাত রুটি খাবেন সবজিসহ। প্রচুর ফলের রস খাবেন।