আগামী ৩ থেকে ৭ নভেম্বর ঢাকায় ‘আর্কএশিয়া ফোরাম-২০ ঢাকা-১৯’ আয়োজন করতে যাচ্ছে স্থপতিদের জাতীয় সংগঠন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই)। এশিয়ার ২১টি দেশের স্থপতি পেশাজীবীদের জাতীয় সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত আর্কএশিয়ার ৪০তম কাউন্সিল মিটিং উপলক্ষে এটি আয়োজিত হতে যাচ্ছে। সোমবার সকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত বাস্থই এর এক সংবাদ সম্মেলনে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা ও এর গুরুত্ব সম্পর্কে জানানো হয়।
৫ দিনব্যাপী আর্কএশিয়া সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, আইএবি বিল্ড এক্সপো প্রদর্শনী, বিশ্বের প্রথিতযশা স্থপতিদের অংশগ্রহণে সেমিনার, স্থাপত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান, বিভিন্ন স্থাপত্য বিষয়ক প্রদর্শনী, বিদেশি অতিথিদের জন্য পানাম নগরে ঐতিহ্য ভ্রমণ এবং প্রীতি সাংস্কৃতিক উৎসব।
এবারের আর্কএশিয়া ফোরামের প্রতিপাদ্য বিষয় ‘আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ’। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আর্কএশিয়া ফোরাম-২০ এর আহ্বায়ক স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ বলেন, 'জলবায়ু পরিবর্তন ও দ্রুতগতি নগরায়নের ফলে প্রতিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় এশিয় দেশগুলির স্থপতিদের উদ্ভাবনী চিন্তা ও টেকসই সমাধানের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এবারের প্রতিপাদ্যে। ' এশিয়ার ২১টি দেশ থেকে আর্কএশিয়ার কমিটি প্রতিনিধিরা ছাড়াও ১৫০০ এর বেশি স্থপতি অংশগ্রহণকারী এবং বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত বক্তারা যোগ দিচ্ছেন ‘আর্কএশিয়া ফোরাম-২০ ঢাকা-১৯’ এর বিভিন্ন অনুষ্ঠানে।
বাস্থই সভাপতি স্থপতি জালাল আহমেদ বলেন, আর্কএশিয়ার সুবর্ণ জয়ন্তীতে ফোরাম-২০ এর আয়োজন করতে পেরে বাস্থই আনন্দিত। এই উৎসবের আমেজে স্থাপত্য পেশা ও শিল্পকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শহর জুড়ে বিভিন্ন উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাস্থই এর উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন, প্রাক্তন বাস্থই সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, বাস্থই এর সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়াদি) স্থপতি এহসান খান, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুব এবং কোষাধক্ষ্য ও আইএবি বিল্ড এক্সপো এর সদস্য সচিব স্থপতি এম. মাসুদ রশিদ।
প্রদর্শনীগুলো হচ্ছে,
১। আইএবি বিল্ড এক্সপো ২০১৯, বিআইসিসি, ৩ থেকে ৫ নভেম্বর।
২। আর্কিটেকচার অব বাংলাদেশ শীর্ষক প্রদর্শনী, মানিক মিয়া এভিনিউ, ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর ও শহীদ তাজউদ্দিন স্মৃতিপার্ক, গুলশান (সাবেক ওয়ান্ডারল্যান্ড), ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর।
৩। আর্কএশিয়া ও আগাখান স্থাপত্য পুরস্কার প্রাপ্ত ডিজাইন প্রদর্শনী, বিআইসিসি, ৩ থেকে ৫ নভেম্বর।
৪। স্থাপত্য বিষয়ক আলোক চিত্র প্রদর্শনী, বিআইসিসি, ৩ থেকে ৫ নভেম্বর।
৫। ‘স্যোসাল রেসপনসিবিলিটি এবং গ্রীন এন্ড সাসটেইনেবল আর্কিটেকচার’ শীর্ষক প্রদর্শনী, বিআইসিসি, ৩ থেকে ৫ নভেম্বর।
ইত্তেফাক/জেডএইচডি