মুক্তিযোদ্ধাকে অপমান এবং অবজ্ঞা করায় দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলমকে ওএসডি করে বদলী করার দাবি জানিয়েছেন দিনাজপুরের সকল পর্যায়ের মুক্তিযোদ্ধারা। তা না হলে জেলার সকল মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করবে।
সোমবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তারা ১১ দফা দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান। এসময় জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন হওয়া সেই অভিমানী মুক্তিযোদ্ধাকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। প্রায় ২ ঘণ্টব্যাপী মানববন্ধন শেষে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা জেলা প্রশাসক মাহমুদুল আলমের ওএসডি করে প্রত্যাহার দাবি করেন। পরে তারা দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জেলা কমান্ডারের দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনিই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করছেন। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার থাকলেও জেলা প্রশাসক কোন খুঁটির জোড়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করছেন তা খতিয়ে দেখার দাবি জানানো হয়।
এদিকে সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের জুগিবাড়ী গ্রামে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুর বিভাগীয় কমিশনার এসএম তরিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা।
ইত্তেফাক/জেডএইচ