ডোবা থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে যুবলীগ নেতা চুন্নু চৌধুরীর (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সিংগাতী গ্রামের তার বাড়ির কাছে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত যুবলীগ নেতা চুন্নু চৌধুরী সিংগাতী গ্রামের শাহদাৎ চৌধুরীর ছেলে। তিনি চুনখোলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চুনখোলা ইউপি চেয়ারম্যান ও মোল্লাহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় নতুন বাজারে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিয়ে রাতে সিংগাতী গ্রামের বাড়িতে চলে যান। সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির কাছে একটি ডোবায় যুবলীগ নেতার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। চুন্নু চৌধুরী সিংগাতি এলাকার গ্রামের বাড়িতে একাই থাকতেন। তার দুই স্ত্রীর মধ্যে একজন গোপালগঞ্জ ও অপর স্ত্রী ঢাকা বসবাস করেন। 

নিহতের ছেলে সুবুজ চৌধুরী বলেন, আমরা সবাই গোপালগঞ্জে থাকি। বাবা একাই বাড়িতে থাকতেন। তার সঙ্গে স্থানীয় প্রতিবেশীদের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করছি। বাবার হত্যার বিচার চাই।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ইত্তেফাক/জেডএইচ