মানিকগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মজুতের দায়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালত ওই কর্মকর্তা ডা. আশিকুর রাহমানের বাসায় অভিযান চালিয়ে ফ্রিজ থেকে প্রায় এক মণ মা ইলিশ উদ্ধার করে। এসময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ডা. আশিকুরের বাসায় অভিযান চালায়। এসময় তার বাসার ডিপ ফ্রিজে প্রায় এক মণ পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। এসময় আশিকুর ইলিশ কিনে ফ্রিজে মজুত করার কথা স্বীকার করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল হক মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ওই কর্মকর্তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: বাড়লো জাতীয় লিগের ক্রিকেটারদের ম্যাচ ফি
আরিফুল হক জানিয়েছেন, জব্দ করা ইলিশ মানিকগঞ্জ জেলা কারাগারে বিতরণ করা হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ডা. আশিকুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
ইত্তেফাক/এসইউ