মোবাইল কোর্টের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ৫ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফাইড কপি সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার মোবাইলে কোর্টে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর র্যাব হেডকোয়াটার্সের মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত মো. মহিউদ্দিনকে ৬ মাসের সাজা দেন। সাজার ওই আদেশের জন্য আপিল করতে কেস রেকর্ডের সার্টিফাইড কপি পেতে ২৫ সেপ্টেম্বর আবেদন করেন। কিন্তু এক মাসের বেশি পার হলেও তিনি এখন সার্টিফাইড কপি পাননি। এ অবস্থায় হাইকোর্টে আবেদনে করেন ওই ব্যক্তি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম উজ্জ্বল। শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।
ইত্তেফাক/জেডএইচডি