ওসমানীনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

সিলেটের ওসমানীনগরে মায়া বেগম (২৫) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূর স্বামীর বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের সাজ্জাদ মিয়ার স্ত্রী ও জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের আনা মিয়ার মেয়ে। সে এক সন্তানের জননী।  

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য  স্বামী সজ্জাদ মিয়াকে (৩৫) থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মায়া বেগমের স্বামীর বাড়ি থেকে ফোনে নিহতের পিতা ও মামার বাড়িতে জানানো হয় দ্রুত মায়ার শ্বশুর বাড়িতে আসার জন্য। খবর পেয়ে মায়া বেগমের স্বজনরা মেয়ের বাড়িতে গিয়ে মায়া বেগমের নিথর দেহ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

নিহত গৃহবধূর মামা কালাম মিয়া বলেন, ‘যৌতুকের জন্য প্রায়ই মায়ার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করত। তার ৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে এবং সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। গত কয়েক দিন পূর্বে তার স্বামীকে আমরা ৪টি গরু দিয়েছি। যৌতুকের জন্য মায়াকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে চেয়েছে। এ ব্যাপারে আমরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন: বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, নিহতের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। নিহতের স্বামী সজ্জাদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। তবে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 ইত্তেফাক/এএএম