ইফফাতের উদ্যোগ

হিজামা (কাপিং থেরাপি) একটি সহজ, নিরাপদ এবং একই সময়ে খুবই কার্যকরী চিকিত্সা ব্যবস্থা। এটি মূল চিকিত্সা ব্যবস্থার সঙ্গে একটি অল্টারনেটিভ থেরাপি হিসেবে হাজার বছর ধরে চর্চা হয়ে আসছে। প্রাচীন মিশরীয় এবং চাইনিজ চিকিত্সকদের আদিলিপি হতে এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়। ‘হিজামা’ শব্দটি আরবি হাজামা বা হাজ্জামা ক্রিয়া থেকে এসেছে যার অর্থ হচ্ছে কমিয়ে ফেলা, আসল আকারে ফিরিয়ে নেওয়া বা আকারে ছোটো করে ফেলা ইত্যাদি।

আমাদের শরীরে প্রতিনিয়ত মেটাবলিক বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। রোগ-জীবাণুর আক্রমণে বা ব্যবহারের কারণে বিভিন্ন রক্তকণিকা ও টিস্যুর ক্ষতিসাধন হচ্ছে। মানুষের বয়স যত বাড়তে থাকে মানুষের শরীরের বিভিন্ন স্থানে মাসল ও টিস্যুর মধ্যে এই মেটাবলিক বাই প্রোডাক্ট ট্র্যাপ হচ্ছে। এর একটি উত্কৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা যদি জোরে হাঁটতে বা দৌড়াতে থাকি তবে কিছুক্ষণের মধ্যেই আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে যায়। এর কারণ হচ্ছে মেটাবলিক বাইপ্রোডাক্ট আমাদের মাসলে জমা হয়ে নার্ভ এন্ডিংগুলোর পেইন রিসেপ্টরে স্টিমুলেশান দেয়। আবার কিছুক্ষণ রেস্ট নিলে এই পেইন কমে যায়, কারণ বাই প্রোডাক্টগুলোকে ব্লাড ফ্লো করে ডাইলিউট করে দেয় এবং কিডনি বা লিভার বা ঘর্মগ্রন্থি তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে পুনরায় ব্যবহার্য্য করে অথবা সেটা সম্ভব না হলে শরীর থেকে বের করে দেয়। আমাদের শরীরে ছোটো ছোটো রক্তনালি (ক্যাপিলারি ও ভেনিউলস) ও নার্ভ (নিউরন) জালিকার মতো বিছিয়ে রয়েছে। বিভিন্ন জীবাণুর আক্রমণে বা বিভিন্ন শরীরবৃত্ত্বীয় প্রক্রিয়ায় আমাদের রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়। এগুলো অনেক ক্ষেত্রেই এসব ছোটো ছোটো রক্তনালিতে ট্র্যাপ হয়ে পড়ে এবং রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করে।

এ উদ্যোগের পেছনের গল্পকার ডা. ইফফাত সাইফুল্লাহ। তিনি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পরে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ (প্রাইভেট) থেকে পড়াশোনা শেষ করে ২০১৫ সালে ‘হিজামা প্ল্যানেট : কাপিং ও রুকইয়াহ সেন্টার’ চালু করেন। ঢাকা, চিটাগাং, বগুড়া, বরিশাল, খুলনা ও নিউ ইয়র্ক জুড়ে সাতটি ব্রাঞ্চে এ সেবা পাওয়া যাচ্ছে। ডাক্তারদের দ্বারা পরিচালিত দেশের প্রথম হিজামা ক্লিনিক এটিই। রাজধানীর বনানী ও ধানমন্ডিতে দুটি শাখায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সেবা দেওয়া হয়। যে কোনো দীর্ঘমেয়াদি ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড গ্রন্থির সমস্যা, হাঁপানি, হূদরোগ ইত্যাদিতে বিশেষ উপকারী।