অভিযানের আগে আইএস নেতা আবু বকর আল বাগদাদির অন্তর্বাস চুরি করেছিল কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। পরে মার্কিন বিশেষ বাহিনী সে অন্তর্বাসটির ডিএনএ টেস্ট নিশ্চিত করে বাগদাদিকে ধাওয়া করেছে বলে দাবি করা হয়েছে বাহিনীটির পক্ষ থেকে। সোমবার একটি টুইটার থ্রেডে কমেন্টের মাধ্যমে এমন দাবি করেছেন সিনিয়র এসডিএফ কমান্ডার পোলাত ক্যান। খবর বিবিসির।
পোলাত ক্যান দাবি করেন, মার্কিন বাহিনী সিরিয়ায় অভিযান চালানোর আগে বাগদাদির অবস্থান নিশ্চিতকরণে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের গোয়েন্দারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দি বাহিনীর এই ভূমিকাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।
২৭ অক্টোবর বাগদাদির বিরুদ্ধে অভিযান সম্পর্কে জানাতে গিয়ে ট্রাম্প বলেন, কুর্দিরা আমাদের কিছু সহায়তামূলক তথ্য দিয়েছিল কিন্তু তারা কোন ধরনের সামরিক ভূমিকা পালন করেনি।
পোলাত ক্যান জানান, বাগদাদির গোপন আস্তানা, লিংকসহ সব ধরনের গোপন তথ্যাদি আমাদের কারণেই বের করা সম্ভব হয়েছে। অপারেশন সফল হওয়ার শেষ মূহুর্ত পর্যন্ত আমাদের গোয়েন্দারা সব ধরনের তথ্য ও সহায়তা দিয়ে মিশনের সঙ্গে যুক্ত ছিল।
তিনি আরও বলেন, এসডিএফ ১৫ মে থেকে বাগদাদির খোঁজে সিআইএ এর সঙ্গে মিলে কাজ করছিল। তাদের খোঁজেই বেরিয়ে আসে সিরিয়ার ইদলিব প্রদেশে লুকিয়ে ছিল এই দুর্ধর্ষ জঙ্গিনেতা। পরে এখানেই অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। অভিযানে বাগদাদি আত্মঘাতী বোমা বিস্ফোরনে মারা যায়। এমনকি সে জারাব্লাসে পালানোর প্রস্তুতি নিচ্ছিল বলেও খবর এসেছিল এসডিএফের কাছে।
অভিযান পরিচালনার স্পট ম্যাপ। ছবিঃ সংগৃহীত।
উল্লেখ্য, সিরিয়ায় আইএসের বিপক্ষে লড়াইয়ে মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে কুর্দি বাহিনী। কিন্তু তুরষ্কের চাপে এই মাসের শুরুতে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেয় ট্রাম্প সরকার। একইসঙ্গে, কুর্দি পরিচালিত এসডিএফ বাহিনীর সঙ্গে সম্পর্কেরও অবনতি দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের।
ইত্তেফাক/এসএইচএম