কুষ্টিয়ায় শিশু সাবিহা হত্যা মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে চাঞ্চল্যকর শিশু সাবিহাকে (৭) ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি আবু তালেবকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবু তালেব উপজেলার আমলা ইউনিয়নের মিটন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিশু সাবিহা নিজ বাড়ির আঙিনায় প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। তারপর থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টায় পার্শ্ববর্তী ধানক্ষেতের সেচ খাল থেকে সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রস্তুতির সময় প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়। এই ঘটনায় নিহত শিশুর বাবা ভাষা আলী বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামি আবু তালেবকে চিহ্নিত করে গ্রেফতার করে ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম।

আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌঁসুলি (পিপি) মেহেদী হাসান জানান, শিশু সাবিহা অপহরণ পূর্বক ধর্ষণ মামলায় একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনীত অভিযোগের সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

ইত্তেফাক/এএএম