ইসরাইল ফেসবুকের সাহায্যে বিক্ষোভে গুপ্তচরবৃত্তি করছে : লেবানন

লেবাননে চলমান সরকার বিরোধী বিক্ষোভে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ গুপ্তচরবৃত্তি করছে বলে অভিযোগ করেছে লেবানন সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাহায্যে মোসাদ বিক্ষোভকে প্রভাবিত করার চেষ্টা করছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুকে বিভিন্ন ভুয়া একাউন্টের সাহায্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।  ‘জামাল ফা’ নামের একটি ফেসবুক একাউন্ট থেকে বেশ কয়েকজন লেবাননীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তাছাড়া সরকার বিরোধী আন্দোলন প্রশ্নে ওই একাউন্ট থেকে অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: ‌‘লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

একাউন্টটির ব্যাপারে সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, ‘জামাল ফা’ নামের ফেসবুক একাউন্টটি মোসাদ পরিচালনা করছে। তারা এর মাধ্যমে লেবাননে বিশৃঙ্খলা সৃষ্টি ও উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। লেবাননের আইন অনুযায়ী কোন নাগরিক ইসরাইলের সাথে সম্পর্ক রাখতে পারবে না। 

লেবাননে অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে টানা ১৪ দিনের মত সরকার বিরোধী বিক্ষোভ চলছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগের ঘোষণা দেওয়ার পরও বিক্ষোভ থামেনি। বিক্ষোভকারীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। 

সূত্র- দ্য জেরুজালেম পোস্ট ও পার্সটুডে।

ইত্তেফাক/এসইউ