বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরার সন্তান সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছে মাগুরাবাসী ও স্থানীয় খেলোয়াড়রা। বুধবার উক্ত সমাবেশে সাকিবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল ও মানববন্ধন করে তারা ।
জানা গেছে, সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদে এদিন সকাল ১১টার দিকে মাগুরা জেলা শহরে বিক্ষোভ মিছিল করে মাগুরাবাসী ও খেলোয়াড়রা। এ সময় তারা সরকারি কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় ও মাগুরাবাসী। তারা সাকিবের ওপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়।
এ সময় সাবেক খেলোয়াড় বারিক অনজাম বারকি বলেন, ‘সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । আমাদের দাবি সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক। সে ভারত সফরে যাক।’
আরও পড়ুন: স্বাধীনতা বিরোধী চক্র এখনও ষড়যন্ত্রে লিপ্ত: পরিকল্পনামন্ত্রী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় সাকিব আল হাসানের বাড়ি মাগুরা শহরের কেশবমোড় পশ্চিম পাড়ায়। তার বাবা নাম মাশরুর রেজা। তিনি পেশায় ব্যাংকার। মায়ের নাম শিরিন আখতার। তিনি গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে সাকিব বড়।
ইত্তেফাক/এএএম