রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহীতে মাদক মামলার আসামি কবির হোসেনকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাস কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর বিচারক মোসা. ইসমত আরা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কবির রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় ঘুণ্টিঘর গ্রামের বাসিন্দা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ কবির হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি