অভিনয়ের আলো জ্বেলে

একটু হিসেব করে সব কাজ করতে ভালোবাসেন ‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। এই গুণী অভিনেত্রীর বর্তমান কাজের কথা জানাচ্ছেন অজেয় চৌধুরী

 

গতানুগতিক নায়িকা চরিত্রের মাঝে নিজেকে বন্দী করতে চান না তিনি। মিলির ভাষ্যে, ‘আমি গতানুগতিক নায়িকা চরিত্রগুলোতে কাজ করতে চাই না। তাই আমি একটু ভিন্ন পথে হেঁটেছি। আমি সব সময় সেই সব চরিত্রে কাজ করেছি, যেখানে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমার মনে হয়, আমি কিছুটা হলেও পেরেছি।’ এরইমধ্যে জামাল হোসেনের রচনায় ও ইয়ামিন ইলানের পরিচালনায় ‘অতিথি’ নাটকে অভিনয় করলেন ফারহানা মিলি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘জামাল ভাইয়ের কথা আগে শুনেছি। তিনি একজন গীতিকবি সেটা আমার জানা ছিল। বেশ ভালো গল্পও লিখেন তিনি, সেটা তার রচিত ‘অতিথি’ নাটকে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি। একটু অন্যরকম গল্প, গুছিয়ে বলা গল্প। আমি চেষ্টা করেছি, আমার চরিত্রটি সবসময়ের মতোই যথাযথভাবে ফুটিয়ে তুলতে। ধন্যবাদ ইয়ামিন ইলানকে গুছিয়ে কাজটি করার জন্য।’ তিনি আরো বলেন, ‘ভালো গল্পের প্রতি, ভালো চরিত্রের প্রতি সবসময়ই আমার এক ধরনের দুর্বলতা ছিল। অভিনয়ে আমার কিছুই করার থাকে না এমন চরিত্রে আমি অভিনয়ও করতে চাই না। এ নাটকে আমার চরিত্রটি নিয়ে আমি দারুণ আশাবাদী। আর আমি ভালো গল্প হলে অবশ্যই ধারাবাহিক নাটকে কাজ করব।’ ‘অতিথি’ নাটকটির কাজ শেষ হলেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। এর আগে জামাল হোসেন রচিত ‘গন্তব্য’ ও ‘স্মারক’ নামের দুটি নাটক বেশ দর্শকপ্রিয়তা পায়। দুটি নাটকই নির্মাণ করেন ইয়ামিন ইলান। এদিকে কয়েকদিন আগে ফারহানা মিলি নজরুল ইসলাম রাজুর ‘ঘুমন্ত শহরে’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন। এটি নিয়মিত এনটিভিতে প্রচারিত হচ্ছে। অপরদিকে সম্প্রতি রাজধানীর শাহীন কলেজে অনুষ্ঠিত ‘ফার্স্ট বিএএফ শাহীন কলেজ কার্নিভ্যাল ফেস্টিভ্যাল-২০১৯’-এ বিচারক হিসেবে কাজ করেছেন। দুরন্ত টিভিতে প্রচারিত ‘গুড্ডু বুড়া’র সিজন টুর শুটিং শুরু করবেন তিনি আগামী মাসে। সঞ্জিত সরকারের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। সর্বশেষ তিনি জয়ন্ত রোজারিওর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ ছবি দিয়ে রাতারাতি তারকা বনে যান ফারহানা মিলি। এরপর আরো বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের অফার পেলেও গল্প এবং চরিত্র কোনোটিই ভালো না লাগায় তিনি কাজ করেননি। মিলি নতুন এমন ছবিতে কাজ করতে চান, যেখানে সত্যিকার অর্থেই তার অভিনয়শৈলীকে দেখানোর সুযোগ থাকবে।