আট ধারাবাহিকে

র ফি কু ল  ই স লা ম

 

অভিনয়জীবনের ব্যস্ততম সময়ই অতিবাহিত করছেন ছোট পর্দার নন্দিত অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। কারণ এই মুহূর্তে তিনি টানা আটটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ধারাবাহিকগুলো হলো রুলীন রহমানের ‘সুতোয় বাঁধা সুখের পায়রা’, কায়সার আহমেদের ‘বকুল পুর’, আল হাজেনের ‘ছায়াছবি’, ‘চক্কর’, ‘হুলুস্থুল’, সকাল আহমেদের ‘শান্তি পুরীতে অশান্তি’, বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’। নাটকগুলোতে মৌকে সেজো বৌ, আসমা বেগম, খুনি মাসি, আদম পাচারকারী, অবিবাহিত মেয়ে, সাত কন্যার এক কন্যা, রিসোর্টের মালিক, দ্বিতীয় বউ চরিত্রে অভিনয় করছেন। একটি ধারাবাহিকের চরিত্র থেকে আরেকটি ধারাবাহিকের চরিত্র একেবারেই ভিন্ন। যে কারণে ধারাবাহিকগুলোতে কাজ করতে হচ্ছে তাকে যথেষ্ট মনোযোগ দিয়ে। কারণ প্রতিটি চরিত্রের গভীরে প্রবেশ করেই তাকে অভিনয় করতে হচ্ছে। তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘বেশ ব্যস্ত সময় পার করছি। আমি কৃতজ্ঞ যারা আমাকে নিয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে কাজ করাচ্ছেন। আমার অভিনয়ের প্রতি তাদের আস্থা আছে বলেই তারা আমাকে দিয়ে এই ধরনের চরিত্রগুলোতে কাজ করাচ্ছেন। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি তাই গর্বিত এবং অনুপ্রাণিতও বটে। এর মধ্যে কয়েকটি নাটক প্রচারিত হচ্ছে, আবার কয়েকটি প্রচারের অপেক্ষায়। যে নাটকগুলো প্রচারিত হচ্ছে সেগুলোর জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি।’ ‘বকুলপুর’ প্রচারিত হয় দীপ্ত টিভিতে, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ প্রচারিত হয় বিটিভিতে এবং ‘শান্তি পুরীতে অশান্তি’ প্রচারিত হয় বৈশাখী টিভিতে। বাকি পাঁচটি ধারাবাহিক নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়। এদিকে মৌকে সর্বশেষ নোবেল, সাদিয়া ইসলাম মৌ ও আহসান হাবিব নাসিমের সঙ্গে একটি তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে।