তা হ মি না মি লি
হলিউডের ‘কাউন্টডাউন’ ছবির গল্প গড়ে উঠেছে অতিপ্রাকৃত কিছু ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে। হালে মুক্তি পেয়েছে ছবিটি। হরর ধাঁচের হলিউডি ছবিটি দর্শকদের জন্য কিছু বৈচিত্র্যের চমক নিয়ে এসেছে। একদল মানুষ একটি অ্যাপের মাধ্যমে আগেভাগে জেনে নিতে পারে কখন তার মৃত্যু হবে। এরপর শ্বাসরুদ্ধকর অতিপ্রাকৃত ঘটনা ঘটতে শুরু করলে আতঙ্কিত হয়ে ওঠে তারা। এমন ঘটনাবলি নিয়ে নির্মিত ছবিটির অন্যতম প্রধান চরিত্র কুইন হ্যারিসের ভূমিকায় অভিনয় করেছেন হলিউডের অভিনেত্রী এলিজাবেথ ডিন লায়েল। ২৭ বছর বয়েসি এ অভিনেত্রী মূলত টেলিভিশন সিরিজে এতদিন অভিনয়টাকে সীমাবদ্ধ রেখেছিলেন। বড় পর্দায় খুব বেশি কাজ করা হয়নি তার। ‘কাউন্টডাউন’-এর মাধ্যমে হলিউডি সিনেমার দর্শকদের চোখে নতুনভাবে ধরা দিয়েছেন এই সুন্দরী। তার অভিনীত কুইন হ্যারিস চরিত্রটি ছিল নানা চমকে পূর্ণ। আর এতে তিনি সক্ষমতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন চমত্কারভাবে। দর্শক-সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসায় আপ্লুত হচ্ছেন তিনি এখন।
এলিজাবেথ লায়েল বেশি পরিচিতি লাভ করেন ২০১৬ সালে ফ্রিফ্রম টেলিভিশন সিরিজ ‘ডেড অব সামার’, লাইফ টাইম টেলিভিশন সিরিজ ‘ইয়া’ ও এবিসি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিরিজ ‘ওয়ান্স আপন অ্যা টাইম’-এ অভিনয়ের মাধ্যমে। টেক্সাসের উইলিয়ামসন কাউন্টিতে তার জন্ম। লায়েল বড় হয়েছেন নর্থ ক্যারোলিনায়। হাইস্কুলের লেখাপড়া শেষে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা স্কুল অব দ্য আর্টসে ভর্তি হন। সেখান থেকে গ্র্যাজুয়েশন করেন। ছাত্রী অবস্থায় বেশ কিছু ছবিতে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। সেগুলোর নির্মাতা ছিল তার সহপাঠীরা। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্যের সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘মডেল এয়ার প্লেন’, ‘উইদাউট’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম’, ‘দ্য ব্ল্যাকলিস্ট’, ‘দ্য গুড ফাইট’, ‘ইউ’ প্রভৃতি। এছাড়া অভিনয় করেছেন সুপারন্যাচারাল হরর টিভি সিরিজ ‘ডেড অব সামার’-এ। যেখানে অ্যামি হুগস চরিত্রে তাকে দেখা গেছে।
‘কাউন্টডাউন’ ছবিতে এলিজাবেথ লায়েল অতীতের সব সীমাবদ্ধতা কাটিয়ে বড় পরিসরে দর্শকদের সামনে এসেছেন। এর মাধ্যমে টিভি পর্দার অভিনেত্রী হিসেবে তার যে পরিচিতি ছিল, তা অনেকটা কেটে গেছে। এর মধ্যে সিনেমায় অভিনয়ের জন্য অনেকগুলো ভালো প্রস্তাব পেয়েছেন সুন্দরী এই অভিনেত্রী।