সাভারের আশুলিয়া উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্রের নাম জয় হোসেন (১৫)। সে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে এবং স্থানীয় ইকরা প্রি-ক্যাডেট এন্ড স্কুলের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয় হোসেন কোনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আশুলিয়ায় যাচ্ছিলো। সরকার মার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ জয় সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, আটক ৩
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, নিহতের মৃতদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাক ও বাসটিকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএএম