চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেয়েকে নিয়ে এসে এক অভিভাবক মারা গেছেন। বুধবার দুপুরে ‘সি’ ইউনিটের পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বিশ্ববিদ্যালয় স্টেশনে নগরগামী শাটল ট্রেনে উঠলে তার মৃত্যু হয়। ওই অভিভাবকের নাম মৃনাল দাশ (৫০)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মেডিকেলে দায়িত্বরত চিকিৎসকরা।
জানা গেছে, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মেয়ে তিন্নি দাশকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন বাবা মৃণাল দাশ। দুপুর ১২ টায় ভর্তি পরীক্ষা শেষে চট্টগ্রাম নগরীতে যাওয়ার উদ্দেশ্যে দুপুর দেড়টার শাটলে উঠেন তারা। তিন্নিকে সিটে বসিয়ে দাঁড়িয়ে ছিলেন মৃণাল। কিছুক্ষণ পর হঠাৎ পড়ে যান তিনি। পরে চবি মেডিকেল সেন্টারের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৃণালের শেষকৃত্য অনুষ্ঠিত হয় সন্ধ্যায় নগরীর টেরিবাজারের এলাকার কোরবানিগঞ্জ ভলুয়ার দিঘির পাড়ে। নিহতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামে। থাকতেন নগরের এনায়েতবাজারের গোয়ালপাড়া রেলওয়ে কলোনীতে। নগরীতে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। দুই মেয়ে ও এক ছেলে। তিন্নি পরিবার ছোট সন্তান।
আরও পড়ুন: সাভারে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক মো. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন কারণে তার মৃত্যু হতে পারে। তবে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রেক মৃণাল দাশের মৃত্যু ঘটেছে।
ইত্তেফাক/এএএম