বগুড়ার শেরপুরে বুধবার রাতে নিখোঁজ শিশু আশিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করা হয়েছে। আশিক উপজেলার বটতলা এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।
জানাগেছে, দুপুর থেকে নিখোঁজ ছিল আশিক (৬)। এলাকাসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। সন্ধ্যার পর প্রতিবেশি সুরুজ্জামানের বাড়ির লোকজনের আচরণ প্রতিবেশীদের কাছে সন্দেহ হয়। পরে আশিকের পরিবারের লোকজন ও এলাকাবাসী তার বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলে খাটের নিচে বস্তাবন্দী আশিকের লাশ পাওয়া যায়। এসময় লোকজন ওই বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পুলিশ সুরুজ্জামান (৫০) তার স্ত্রী পারভীন বেগম (৪৫) ছেলে সোহাগ (২৬) এবং অপর ছেলে তুহিনকে (১৩) আটক করে।
স্থানীয়রা জানান, শিশুটির হাত-পা বাধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। সুরুজ্জামানের পরিবার লাশ গুম করার চেষ্টা করছিল।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, শিশুটিকে হত্যার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সুরুজ্জামানের ছোট ছেলে সিয়াম বাবু ওরফে তুহিন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে আশিকের মাথায় আঘাত করলে মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন লাশ গুম করার চেষ্টা করে।
ইত্তেফাক/আরকেজি