ডিসি’র গণবিজ্ঞপ্তি জারি
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর জেলা ও মহানগরীর সব পাবলিক প্লেসে ধূমপান বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক (ডিসি)। সম্প্রতি রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান স্বাক্ষরিত এক আদেশে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও মহানগরীর সেবাদানকারী প্রতিষ্ঠানসহ সব কর্মক্ষেত্র, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হোটেল কর্তৃপক্ষ এবং এ সমস্ত জায়গা ব্যবহারকারী জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, উক্ত স্থানসমূহে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের বিধান লঙ্ঘন করে কোনো ব্যক্তি ধূমপান করলে তিনি অনধিক ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এ সমস্ত পাবলিক প্লেসের কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ধূমপান সম্পর্কিত সতর্কতামূলক নোটিশ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রদর্শনের ব্যবস্থা করবেন। অন্যথায় আইন অমান্যে অনধিক ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিতীয়বার বা পুনঃপুন একই ধরনের অপরাধ করলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণহারে দণ্ডনীয় হবেন।