দিল্লির বায়ু দূষণ এই মুহূর্তে চর্চার কেন্দ্র। অবশ্য দীপাবলির পর এই দূষণ নতুন ঘটনা নয় দিল্লির জন্য। ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে প্রথম টি২০ খেলতে দিল্লি পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার অনুশীলনেও নেমে পড়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি২০ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বাংলাদেশ-ভারত সিরিজ।
কিন্তু দীপাবলির পর ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির আবহাওয়া। সে কারণেই বেশ কয়েকজন পরিবেশবিদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে একটি খোলা চিঠি লিখে দাবি জানিয়েছেন, দিল্লি থেকে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার।
আরও পড়ুন: সৌদি যুবরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন লিন্ডসে লোহানের বাবা
সেখানে তারা দাবি জানিয়েছেন, ক্রিকেটারদের শরীরের কথা ভেবে এখান থেকে খেলা সরিয়ে নিয়ে যাওয়া উচিত। পরিবেশবিদদের দাবি, এই আবহাওয়ায় তিন-চার ঘণ্টা খেললে খেলোয়াড়দের শরীরের ওপর প্রভাব পড়বে। পরিবেশবিদ জ্যোতি পাণ্ডে ও রবীনা রাজ কোহলি সেই খোলা চিঠিতে লেখেন, ‘৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলবে ভারত। যখন বায়ু দূষণের পরিমাণ মারাত্মক পর্যায়ে পৌঁছে যাবে।’
এ দিন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসকে পলিউশন মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে।
প্রাক্তন ক্রিকেটার গৌতম গাম্ভীর বুধবার বলেছিলেন, হাওয়া দূষণ অনেক বড় চিন্তার বিষয় ক্রিকেট ম্যাচের থেকে।
এএনআইকে গম্ভীর বলেছিলেন, ‘দিল্লি ক্রিকেট ম্যাচ বা অন্য কোনও খেলা হবে কিনা সেটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল দূষণ।’
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী বৃহস্পতিবার জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ীই ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টি২০ ম্যাচটি দিল্লিতেই হবে। এএনআই সৌরভের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় দিল্লির আবহাওয়ার সমস্যার পরও সেখানেই হবে ম্যাচ হবে কিনা। তার জবাবে সৌরভ জানান, ‘হ্যাঁ, হবে।’
সূত্র: এনডিটিভি
ইত্তেফাক/এসি