বাগদাদির উত্তরাধিকার ঘোষণা করেছে আইএস

ইসলামিক স্টেট(আইএস) শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুতে গভীর শোক পালন করছে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত জঙ্গিগ্রুপটি। একইসঙ্গে বৃহস্পতিবার রাতে তার উত্তরাধিকারের নাম ঘোষণা করেছে তারা। একটি নতুন অডিওবার্তার মাধ্যমে নিজেদের পরবর্তী নেতার নাম প্রকাশ করেছে দলটি।

আইএসের কেন্দ্রীয় মিডিয়া উইং আল-ফুরকান ফাউন্ডেশনের প্রচারিত অডিওবার্তাটি থেকে নতুন এই আইএস নেতার নাম ইব্রাহিম আল-হাশিমি বলে জানা গেছে। অডিওটির বক্তা আবু হামজা আল-কুরেশি ইসলামিক স্টেটের সকল অনুসারীকে নতুন খলিফার প্রতি আনুগত্য স্বীকারের আহ্বান জানান। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি টেনে কুরেশি বলেন, 'অনেক হয়েছে! আর উদযাপন করো না।'

অডিও বার্তাটি থেকে আরও নিশ্চিত হওয়া গেছে, আইএস এর গুরুত্বপূর্ণ মুখপাত্র আবু হাসান আল-মুহাজির মার্কিন নিরাপত্তা বাহিনীর হামলায় মারা গেছে। আল-মুহাজির নিহত আইএস নেতা বাগদাদির ঘনিষ্ঠ সহচর ছিল।

আরও পড়ুন: অনুপ্রবেশকারীদের তালিকা করা হচ্ছে : ওবায়দুল কাদের

রবিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইদলিবে আত্মঘাতী বোমায় বাগদাদির নিহত হওয়ার এক ঘন্টা বাদেই পৃথক আরেকটি অভিযানে তার ঘনিষ্ঠ সহচরের মৃত্যু ঘটেছে। জারাব্লাসে মার্কিন-কুর্দি যৌথ বাহিনীর অভিযানে আল-মুহাজির নিহত হয়েছে বলে জানানো হয়েছে ইসলামিক স্টেটের পক্ষ থেকে।

ইত্তেফাক/এসএইচএম