সাগরে গোসলে নেমে প্রাণ গেল জেএসসি পরীক্ষার্থীর

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে। শুক্রবার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সাড়ে ১২ টার দিকে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হৃদয় কক্সবাজার শহরের পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকার মো. শাহাজাহানের ছেলে। সে স্থানীয় পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষার্থী।

হৃদয়ের মামা মো. ছাদেক জানান, তার ভাগিনা এবারের জেএসসি পরীক্ষার্থী। শনিবার (২ নভেম্বর) শুরু হতে হওয়া পরীক্ষার একদিন আগে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: জেডিসি পরীক্ষার্থীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

সৈকতের সী-সেইফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান বলেন, ‘বেলা ১২ টার দিকে হৃদয় তার বন্ধুদের নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। ওই সময় স্রোতের টানে কিছু দূর ভেসে যায় হৃদয়। ভেসে যাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে লাইফ গার্ডরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।             

ইত্তেফাক/এএএম