মুন্সীগঞ্জের গজারিয়ায় এক সাংবাদিককে ফিরোজ আহম্মেদ ফরাজী নামে এক মাদকসেবী প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শুক্রবার সকালে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন স্থানীয় মাইটিভি প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার গজারিয়া উপজেলা সংবাদদাতা মো. আসাদ উল্লাহ। ফিরোজ উপজেলা আওয়ামী লীগের ৩নং সাংগঠনিক সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাতে অভিযান চালিয়ে রিয়াদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গজারিয়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় সংবাদ সংগ্রহে গেলে মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে ফিরোজ আহম্মেদ ঐ সাংবাদিকসহ কয়েকজন সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে রাত ১০টার দিকে মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া সন্দেহে সাংবাদিক আসাদ উল্লাহকে ফিরোজ আহম্মেদ ফরাজী তার ব্যক্তিগত ফোন থেকে হুমকি দেয়। এসময় তাকে হাত, পা ভাঙ্গাসহ প্রাণনাশের হুমকি দেয়।
আরও পড়ুন: সাগরে গোসলে নেমে প্রাণ গেল জেএসসি পরীক্ষার্থীর
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক আসাদ উল্লাহ্ জানান, এ ব্যাপারে গজারিয়া থানায় জিডি করেছি। তিনি আরও জানান, পুলিশের আসামি ধরা বিষয়ে আমি কিছুই জানিনা। উপজেলা আওয়ামী লীগের ৩নং সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী তার ব্যক্তিগত মোবাইল দিয়ে ফোন করে আমাকে প্রাণনাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করেন। তার সঙ্গে আমার আগে কোনদিন দ্বন্দ্ব ছিলো না।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অডিও রেকর্ড পেয়েছি, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/এএএম